Manoj Tiwary Left TMC: মনোজ জানিয়েছেন, যে রাজনীতিতে আসার কোনও ইচ্ছাই তাঁর ছিল না। যদিও ২০১৯ সালেই তৃণমূলের পক্ষ থেকে তাঁকে লোকসভা নির্বাচনের টিকিট দেওয়া হচ্ছিল।
তৃণমূল কংগ্রেস ছাড়লেন মনোজ তিওয়ারি। পশ্চিমবঙ্গে পালাবদলের পরের দিনই ঘোষণা প্রাক্তন ক্রীড়া প্রতিমন্ত্রীর। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক মনোজ তিওয়ারি মঙ্গলবার বলেছেন, তাঁর জন্য “টিএমসি অধ্যায় শেষ”। তাঁর মারাত্মক অভিযোগ , পাঁচ কোটি টাকা দিতে রাজি না হওয়ায় দল তাঁকে হাওড়ার শিবপুর আসন থেকে টিকিট দেয়নি। সংবাদ সংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে মনোজ বলেছেন, ‘‘দেখুন, এই বিপর্যয়ে আমি একদমই অবাক হইনি। যখন একটা গোটা দল দুর্নীতিতে ডুবে থাকে আর কোনও ক্ষেত্রেই কোনও উন্নয়ন হয় না, তখন এটাই স্বাভাবিক। হওয়ারই ছিল।’’৪০ বছর বয়সী ভারতের প্রাক্তন ব্যাটসম্যান এবং বাংলা ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক (প্রথম-শ্রেণির ক্রিকেটে ১০,১৯৫ রান) মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন৷ তৃণমূল সরকারের ১৫ বছরের মেয়াদ সোমবারের সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে।মনোজ তিওয়ারির বিস্ফোরক অভিযোগ, তৃণমূলের হয়ে নির্বাচনে দাঁড়ানোর টিকিট পেতে হলে পাঁচ কোটি টাকা করে দিতে হয়েছে প্রত্যেক নেতাকে। তিনি বলেছেন, ‘‘শুধুমাত্র যারা মোটা টাকা দিতে পেরেছে, তারাই টিকিট পেয়েছে। এবার অন্তত ৭০-৭২ জন প্রার্থী টিকিট পেতে প্রায় পাঁচ কোটি টাকা করে দিয়েছেন। আমাকেও দিতে বলা হয়েছিল কিন্তু আমি রাজি হইনি। যারা টাকা দিয়ে টিকিট পেয়েছিলেন, তাদের মধ্যে ক’জন জিততে পেরেছেন সেটা একবার মিলিয়ে দেখুন।’’ তার পরেই স্পষ্ট মনোজ ঘোষণা করেন, ‘‘আমার জীবনের তৃণমূলের অধ্যায় শেষ।’’
তথ্য ও ছবি : সংগৃহীত

