এমআরএনএ প্রযুক্তিতে এবার ফ্লু-র টিকা, আশা জাগাচ্ছে প্রবীণদের জন্য
এমআরএনএ টিকা দিয়ে শরীরকে শেখানো যায়, কী ভাবে আরও বেশি পরিমাণে অ্যান্টিবডি তৈরি করতে হবে, যাতে যে কোনও ভাইরাসের সংক্রমণ রুখে দেওয়া যায়। ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়ার মতো ফ্লু টিকা তৈরিতেও এ বার এমআরএনএ প্রযুক্তির ব্যবহার করলেন গবেষকেরা।
রিসাইটাল স্ফেরিকাল ডট ও আরজি ডেস্ক : ফ্লু সারাতেও এবার নতুন ভরসা এমআরএনএ টিকা। কোভিডের সময় যে প্রযুক্তি আলো দেখিয়েছিল, সেই মেসেঞ্জার আরএনএ-কে কাজে লাগিয়ে এবার তৈরি হল বিশ্বের প্রথম সর্বজনীন ফ্লু টিকা। গবেষকদের দাবি, ইনফ্লুয়েঞ্জা থেকে নিউমোনিয়া — বিভিন্ন ধরনের ফ্লু ঠেকাতে এটি কার্যকর হবে।
ওষুধ কোম্পানি মডার্না এই টিকা তৈরি করেছে। নাম ‘এমফ্লুসিভা’। আপাতত ৫০ থেকে ৬৪ বছর বয়সিদের জন্য অনুমোদন পেয়েছে। ৬৫ বছরের বেশি বয়সিদের জন্যও অনুমোদনের আবেদন করা হয়েছে।
কেন বিশেষ এই টিকা ?
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফ্লু বা নিউমোনিয়া প্রাণঘাতী হয়ে উঠতে পারে। সাধারণ ফ্লু টিকা অনেক সময় সংক্রমণ আটকাতে পারে না। এমআরএনএ টিকা শরীরকে বেশি করে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। তাই সংক্রমণ ঠেকানোর ক্ষমতা বেশি।
ট্রায়ালের ফলও আশাব্যঞ্জক। সাধারণ ফ্লু টিকার তুলনায় ‘এমফ্লুসিভা’ ভাইরাস আটকাতে অনেক বেশি সক্ষম। এমনকি ইনফ্লুয়েঞ্জার একাধিক প্রজাতির বিরুদ্ধেও কাজ করবে বলে দাবি করা হচ্ছে।
কেন প্রবীণদের জন্য জরুরি ?
দিল্লির এমস-এর সমীক্ষা বলছে, পাঁচ বছরের কম শিশু ও ৬৫ বছরের বেশি মানুষ নিউমোনিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত হন। মৃত্যুর হারও তাঁদের মধ্যেই বেশি। দেশের হাসপাতালগুলোর আইসিইউ-র ৬৫-৭০% শয্যা থাকে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের বয়স্ক রোগীদের দখলে। এর মধ্যে ৩০% আবার ‘ইনভেসিভ নিউমোনিয়া’ — যেখানে জীবাণু রক্তে ছড়িয়ে সেপসিস হয়ে যায়।
গবেষকদের আশা, এই এমআরএনএ টিকা কার্যকর হলে বয়স্কদের ভাইরাসজনিত রোগের ঝুঁকি অনেকটাই কমবে।কোভিডের পর ক্যানসারের টিকা নিয়ে যে আশা জেগেছিল, ফ্লু-র এই সাফল্য সেই পথকেই আরও মজবুত করল।
তথ্য ও ছবি : সংগৃহীত

